নগরীর উত্তর হালিশহর ওয়ার্ডের চৌচালা পাঁচঘর পাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় শাহাদাত হোসেন সাজ্জাদ নামে এক যুবকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। গত ১৬ জুন চৌচালা মোড়ে আয়োজিত মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এর বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে শাহাদাত হোসেন সাজ্জাদ হামলার শিকার হন। বক্তারা হামলায় জড়িত অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে এলাকায় মাদক ব্যবসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।











