ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দফা চুক্তি প্রকাশ, সই হতে পারে কাল

চুক্তি চূড়ান্ত নয়, পছন্দ না হলে ফের বোমা ফেলব : ট্রাম্প চুক্তিতে অন্তর্ভুক্ত ৩০ হাজার কোটি ডলারের তহবিল

| বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের বিস্তারিত নথি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে আছে ১৪ টি দফা। যুক্তরাষ্ট্র প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তা গতকাল বুধবার দফাগুলো পড়ে শুনিয়েছেন। এই চুক্তি আগামীকাল শুক্রবারেই সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সই হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি সই অনুষ্ঠানে ট্রাম্প নিজেও থাকতে পারেন বলে জানিয়েছেন। আবার এর মধ্যে ইরানকে হুঁশিয়ারিও দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প। বলেছেন, নতুন যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত নয়। চুক্তিতে সন্তুষ্ট না হলে তিনি আবার ইরানে হামলা শুরু করতে পারেন। ফ্রান্সে জি সেভেন দেশগুলোর সম্মেলনে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে প্যারিসে রয়েছেন।ম সেখানেই গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তিটি একটি সমঝোতা স্মারক। যদি আমি এটি পছন্দ না করি, তবে আমরা আবার তাদের (ইরান) ওপর গুলি চালানো এবং তাদের মাথার ওপরই বোমা ফেলতে শুরু করব।’

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রাথমিক এই চুক্তিতে কী কী আছে তার বিস্তারিত খুঁটিনাটি প্রকাশ পেল দুইপক্ষের মধ্যে গত রোববার এটি সই হওয়ার তিনদিন পর। ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ইসলামাবাদ সমঝোতা স্মারক’ শীর্ষক এই চুক্তির বিস্তারিত বিবরণ প্রকাশে দেরি হওয়া নিয়ে অনেক শোরগোলের পর বুধবার তা প্রকাশ করা হল। এতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা, ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে আলোচনার আশাবাদ রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার চুক্তিটি সই করতে পারেন। তবে ইরানের তাসনিম বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বিষয়টি এখনও চিন্তাভাবনার পর্যায়ে আছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। দুই দেশের নেতার উপস্থিতিতে চুক্তিটি সই হলে তা হবে উভয় পক্ষের জন্যই একটি বড় পদক্ষেপ। এরপর চূড়ান্ত চুক্তি সম্পন্ন করতে হাতে থাকবে ৬০ দিন।

অপর এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার খসড়া চুক্তিতে ইরানে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ৩০ হাজার কোটি ডলারের একটি বেসরকারি তহবিল গঠনের রূপরেখা দেওয়া হয়েছে। আর এই বিশাল অঙ্কের তহবিলের অর্ধেকেরও বেশি অর্থ ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে বলে এই চুক্তির বিষয়ে সরাসরি অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য উভয় পক্ষকে একটি বড় ধরনের অর্থনৈতিক প্রণোদনা দিতেই মূলত এই তহবিলের পরিকল্পনা করা হয়েছে। ওয়াশিংটন ও তেহরান আসছে শুক্রবার চুক্তিটিতে স্বাক্ষর করার প্রস্তুতি নিচ্ছে আর এই পরিকল্পনাটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি বলে সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে পুশ ইন বন্ধ করুন : ভারতকে এইচআরডব্লিউ
পরবর্তী নিবন্ধআমিই বস জি সেভেন নেতাদের বললেন ট্রাম্প