জ্বালানি তেল ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালনাসহ ৭ দফা দাবিতে ১৬–২২ জুন পর্যন্ত কেন্দ্রঘোষিত দাবি সপ্তাহের প্রথম দিন গতকাল বিকাল ৫টায় বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলার উদ্যোগে নগরীর নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিউমার্কেট মোড় হয়ে জিপিও মোড়ে আরেকটি সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। উদ্বোধনী সমাবেশ শেষে নিউমার্কেট ও জিপিও এলাকায় প্রচারপত্র বিলি করা হয়।
বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আসমা আক্তার, জাহেদুন নবী কনক, দীপা মজুমদার। সমাবেশ পরিচালনা করেন রিপা মজুমদার। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সপ্তাহব্যাপী আমরা দাবি সপ্তাহ পালন করছি। আমাদের ৭ দফা দাবিগুলো হল – জ্বালানি তেল–বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাও, সর্বজনীন রেশনিং চালু কর; মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিল কর; জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার ও শাস্তি নিশ্চিত কর, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ কর; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত কর, সংবিধানের অগণতান্ত্রিক ধারা বাতিল কর, শিক্ষা, স্বাস্থ্য, কাজসহ ৬টি মৌলিক অধিকারের সাংবিধানিক স্বীকৃতি ও আইনি বাধ্যবাধকতা নিশ্চিত কর; শ্রমিকের ন্যূনতম জাতীয় মজুরি নিশ্চিত কর, রাষ্ট্রীয় উদ্যোগে চিনিকল–পাটকল চালু কর; কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত কর, সার, বীজ, কীটনাশকে পর্যাপ্ত ভর্তুকি নিশ্চিত কর; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ কর, নারী নির্যাতন, ধর্ষণকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত কর। প্রেস বিজ্ঞপ্তি।












