বিশ্বকাপ ফুটবলে নিজের পছন্দের দলের নাম সরাসরি না জানালেও ইংল্যান্ডের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল– বিশ্বকাপ ফুটবল চলছে, এই বিশ্বকাপের জোয়ারে বাংলাদেশও ভাসছে। আপনি কোন দেশকে সমর্থন করেন? উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই তো পারছেন।’ পরে প্রশ্নকারী সাংবাদিককে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলেন, ‘আপনি আপনার উত্তর পেয়েছেন তো?’
২০০৮ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সাথে নিয়ে লন্ডনে যান তারেক রহমান। সেখানে দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি সপরিবারে স্বদেশে ফিরে আসেন।












