দেড় মাসে কাপ্তাই সংরক্ষিত বনে ২৪টি অজগর অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৮:৫২ পূর্বাহ্ণ

কাপ্তাই সংরক্ষিত বনে গত মে মাস থেকে গতকাল সোমবার পর্যন্ত দেড় মাস তথা ৪৫ দিনে ২৪টি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এসব অজগর কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি উপজেলাসহ রাঙ্গামাটি সদর উপজেলার লোকালয় থেকে বন বিভাগ কর্তৃক উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত এসব অজগর কাপ্তাই উপজেলার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও এস এম সাজ্জাদ হোসেন জানান, এসব অজগর খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে এবং মানুষের ঘরবাড়িতে আশ্রয় নেয়। সাপ দেখার সাথে সাথে সাধারণ মানুষ বন বিভাগকে খবর দেয়। বন বিভাগের কর্মীরা লোকালয় থেকে সাপ উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধারকৃত সাপ গুলোকে নিরাপদ জায়গা হিসেবে আমরা কাপ্তাইয়ের সংরক্ষিত বনের গভীর জঙ্গলে অবমুক্ত করার ব্যবস্থা নিই। তবে মানুষের মনে সচেতনতা এসেছে উল্ল্লেখ করে ডিএফও বলেন, আগে মানুষ সাপ দেখার সাথে সাথে পিটিয়ে মেরে ফেলত। বর্তমানে সাধারণ লোকজন সাপ বা অন্যান্য জীব জন্তুর ক্ষতি করছেনা বলেও তিনি জানান।বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, ইদানিং খুব বেশি পরিমাণ অজগর লোকালয়ে চলে আসছে। কোন কোন দিন ২ থেকে ৩টি অজগর লোকালয় আসারও খবর পাই আমরা। তবে খবর পাবার সাথে সাথে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাপ উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধারকৃত এসব অজগরের ওজন ৭ কেজি থেকে ৩৫ কেজি পর্যন্ত হয় বলেও তিনি জানান। অজগর বা অন্য কোন জীব জন্তুর ক্ষতি না করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধবিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়, নেতৃত্ব বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম
পরবর্তী নিবন্ধসুস্থ ও সক্ষম মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার আহ্বান