দেশের তৃতীয় বৃহৎ, ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ পেল চবি

ইউজিসির বাজেট

চবি প্রতিনিধি | সোমবার , ১৫ জুন, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

২০২৬২৭ অর্থবছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজস্ব খাতে ৫০৩ কোটি ৪৭ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ বরাদ্দের মাধ্যমে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজস্ব বাজেটের দিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তৃতীয় অবস্থানে রয়েছে।

গত বৃহস্পতিবার ইউজিসিতে অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির ২০২৬২৭ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। অনুমোদিত বাজেটের মধ্যে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা। এছাড়া ইউজিসির জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা। রাজস্ব বাজেটের তালিকায় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার পরিমাণ ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা। তৃতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পেয়েছে ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদিত রাজস্ব বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা।

অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ১৮৮ কোটি ৪০ লাখ টাকা, খুলনা বিশ্ববিদ্যালয় ১৮২ কোটি ৯২ লাখ টাকা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৮৬ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব বাজেট পেয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মোট বাজেট কাঠামোয় ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা রাখা হয়েছে রাজস্ব বা পরিচালন ব্যয়ের জন্য। এছাড়া উন্নয়ন খাতে ৪৩টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা।

ইউজিসি সূত্রে জানা গেছে, ২০২৬২৭ অর্থবছরে গবেষণা খাতে দ্বৈততা এড়াতে বিশ্ববিদ্যালয়সমূহ এবং ইউজিসির গবেষণা বাজেট একীভূত করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয় গত ৪ এপ্রিল অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মধ্যমেয়াদি বাজেট কাঠামো (২০২৬২৭ থেকে ২০২৮২৯) বিষয়ক ত্রিপক্ষীয় সভায়।

পূর্ববর্তী নিবন্ধকুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ব্রাজিলকে মনে করালো জার্মানি
পরবর্তী নিবন্ধখুনিদের পরিচয় জেনেছে পুলিশ