জিয়াউর রহমান উৎপাদনমুখী অর্থনীতির প্রসারে ভূমিকা রেখেছিলেন

সম্মিলিত পেশাজীবী পরিষদের সভায় প্রিমিয়ার ভার্সিটির উপাচার্য

| রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা গতকাল শনিবার জিয়া স্মৃতি জাদুঘর সেমিনার হলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সদস্যসচিব ডা. খুরশীদ জামিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক জাহিদুল করিম কচি। প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির।

তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও উৎপাদনমুখী অর্থনীতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর দূরদর্শী রাজনৈতিক অবস্থান, রাষ্ট্রীয় উদ্যোগ এবং ‘সেভেন সিস্টার্স’ নিয়ে বক্তব্যের কারণে ভারতসহ বিদেশি শক্তির বিরাগভাজন হতে হয়েছিল। এসব কারণেই তিনি শেষ পর্যন্ত নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বলে মন্তব্য করেন তিনি। সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বের প্রসঙ্গ তুলে নছরুল কদির বলেন, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সভাপতির বক্তব্যে জাহিদুল করিম কচি বলেন, জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বের কারণে জাতীয়তাবাদী দল গণমানুষের দলে পরিণত হয়েছে। বক্তব্য রাখেন এস কে খোদা তোতন, অ্যাডভোকেট আবদুল মান্নান, এমদাদুল হক চৌধুরী, ডা. হাসানউল বান্না, দীল সাদ, মোহাম্মদ মেহেরাব হোসেন খান, আজম খান, অ্যাডভোকেট আলাউদ্দিন, সোহাগ কুমার বিশ্বাস, মুহাম্মদ আজাদ, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, মো. আবদুল হক ও জসিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহলে বাইতের ভালোবাসার আড়ালে সাহাবাদের মর্যাদাহানি করা যাবে না
পরবর্তী নিবন্ধনানা আয়োজনে কাল বর্ষাবরণ