খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগের ৪ নেতাকর্মী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি সদর থানার পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৪ জন সদস্যকে আটক করেছে। শুক্রবার রাতে ও শনিবার ভোরে খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে সদর থানা পুলিশ শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার সিঙ্গিনালা এলাকায় অভিযান চালায়। এ সময় খাগড়াছড়ি পৌরসভার ১ নম্বর পৌর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছোটন বড়ুয়া (৩০) এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল জলিলকে (২৮) আটক করা হয়।এছাড়া এর আগে ১২ জুন মাটিরাঙ্গা থানার সহযোগিতায় তাইন্দং এলাকায় অভিযান চালিয়ে আমতলী ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় সদস্য আনোয়ার হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার মাটিরাঙ্গা উপজেলার আব্বাস সরদারপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে তাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মজুমদারকে (৬০) আটক করা হয়। পুলিশ জানায়, আটক ৪ জনকে খাগড়াছড়ি সদর থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হবে। মামলাটি গত ১১ জুন দায়ের করা হয়। এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে ছোটন বড়ুয়া ও আব্দুল জলিলের বিরুদ্ধে ২০২৪ সালে খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা আরও দুটি মামলা রয়েছে । এসব মামলায় দাঙ্গা, ভাঙচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

পূর্ববর্তী নিবন্ধশাহবাগ থানার ধর্ষণ মামলার প্রধান আসামি চকবাজার থেকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু