নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

শতবর্ষ উদযাপনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার সকালের দিকে বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দীন আলী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দীন আলী বলেন, “শতবর্ষের দ্বারপ্রান্তে অবস্থানরত নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এমপি’র সার্বিক ব্যবস্থাপনা ও আন্তরিক সহযোগিতায় আজ আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নের প্রতিফলন ঘটেছে। এর মাধ্যমে বিদ্যালয়ের সৌন্দর্য ও অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হলো।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যজিৎ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এডহক কমিটির অভিভাবক সদস্য বাসুদেব, প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, সহকারী সিনিয়র শিক্ষক নুরুল আবছার, এটিএম হারুন রশীদ, স্বপ্না চক্রবর্তী, মাওলানা ইব্রাহিমসহ বিদ্যালয়ের শিক্ষকশিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে সামনে রেখে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন প্রধান ফটক বিদ্যালয়ের ঐতিহ্য ও মর্যাদার প্রতীক হিসেবে দীর্ঘদিন শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। এর আগে প্রধান অতিথি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শতবর্ষ উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যার ধারাবাহিকতায় প্রধান ফটকের উদ্বোধন একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধড্রেন ও ছড়া দখল করে বহুতল ভবন
পরবর্তী নিবন্ধকেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে যুবদলের আনন্দ মিছিল