কুনমিং-চট্টগ্রাম সড়ক যোগাযোগে চীনা বিনিয়োগের আহ্বান

| শনিবার , ১৩ জুন, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

কুনমিংচট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ ও তিস্তা ব্যারেজ নির্মাণে বিনিয়োগসহ স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, অবকাঠামো, কৃষি উন্নয়নে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গতকাল শুক্রবার চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিংয়ে সপ্তম চায়নাসাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম ও দশম চায়নাসাউথ এশিয়া এক্সপোজিশনে অংশগ্রহণকারী ডেপুটি স্পিকার চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হাসপাতালের কার্যক্রম পরিদর্শনকালে এই আহ্বান জানান। খবর বাসসের।

এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, কুনমিংয়ের বিভিন্ন মেডিকেলে বাংলাদেশের রোগীদের জন্য আবাসন, ভাষা, চিকিৎসা খরচ হ্রাস, ভিসাসহ ও আনুষঙ্গিক সুবিধাসমূহ সহজ করলে উন্নত চিকিৎসার জন্য আমাদের দেশের মানুষ কুনমিংকে বেছে নেবে। তিনি ডাক্তার, টেকনিশিয়ান, নার্সসহ বিভিন্ন পদে কুনমিংয়ের হাসপাতালসমূহে বাংলাদেশিদের কাজ করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

হাসপাতালটির ডেপুটি ডিরেক্টর জেনারেল হি তাও, ওয়াং জিয়াংকুন, কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর শিয়া সুয়েশানসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তারা সংসদীয় দলকে আশ্বস্ত করে বলেন, চীনবাংলাদেশের যৌথ উদ্যোগে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম দিন দিন আরো বেগবান করা হবে। বাংলাদেশের যেসব ছাত্রছাত্রী কুনমিং মেডিকেলে পড়ছে বা পড়তে চায় তাদের ভিসা, আবাসনসহ সম্ভাব্য সব বিষয় সহজ করা হবে।

হাসপাতাল পরিদর্শন শেষে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন দল চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিংয়ের সাথে হাইজেং গার্ডেন হোটেলে মতবিনিময় করেন। ডেপুটি স্পিকার ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রায় দেড় যুগ পর বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে জানিয়ে কমিউনিস্ট পার্টির সেক্রেটারিকে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিতীয় বিদেশ সফর হিসেবে জুনের শেষ সপ্তাহে চীন সফরের সুসংবাদ দেন কমিউনিস্ট পার্টির সেক্রেটারিকে। কমিউনিস্ট পার্টির সেক্রেটারিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ এ নেতার মাধ্যমে চীনের কাছে বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো, পর্যটন খাত, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, চামড়া প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানান।

এ সময় এনসিপির সদস্য সচিব আকতার হোসেন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন এমপি, সংরক্ষিত স্বতন্ত্র সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই, বেইজিংয়ের বাংলাদেশ রাষ্ট্রদূত নাজল আলমসহ কুনমিংসহ বাংলাদেশ কনসুলেট এবং ইউনান প্রাদেশিক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মধ্যাহ্নভোজের পর ডেপুটি স্পিকারসহ সংসদীয় দল কুনমিং থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হারবাল মেডিসিনের জনক সি জিয়াংয়ের জন্ম ও স্মৃতিবিজড়িত ও ঔষধি গাছ সমৃদ্ধ কুনমিংয়ের ঐতিহ্যবাহী পাওথাও গ্রাম পরিদর্শন করেন। ৭৪৪ জনবসতির এ গ্রামের ৮০ ভাগের বেশি আদিবাসী, যারা শত বছরের পুরনো হারবাল ঔষধি গাছ রোপণ ও যত্ন করছেন। গ্রামটির স্থানীয় বাসিন্দা জ্যাং এ্যানা ডেপুটি স্পিকারকে গ্রামটি ঘুরে দেখান।

পূর্ববর্তী নিবন্ধভারী বৃষ্টি, নগরীর কিছু স্থানে সাময়িক জলাবদ্ধতা
পরবর্তী নিবন্ধবিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, এক ঘণ্টা পর সচল