বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে পুকুরে পড়ে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে ওজু করার জন্য বাড়ির পাশের পুকুরঘাটে যান সাদিয়া। এসময় পা পিছলে বা হোঁচট খেয়ে তিনি পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পর তার ছোট বোন পুকুরে তাকে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে। নিহত সাদিয়া উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলশা গ্রামের সিরাজ কাজীর বাড়ির বাসিন্দা এবং মৌলানা হাফেজ ফরিদুল আলমের কন্যা। তিনি চট্টগ্রাম নগরের হাজি মুহাম্মদ মহসিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের নানা মাওলানা রশিদ আহমদ জানান, ভোরে ওজু করতে গিয়ে পুকুরঘাটে হোঁচট খেয়ে সাদিয়া পানিতে পড়ে যায়। সে সাঁতার জানত না। ফলে পানিতে পড়ে আর উঠতে পারেনি।












