ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুপুরে ব্যাংকার্স সভায় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে গভর্নর মোস্তাকুর রহমানের বৈঠকের পর সন্ধ্যায় এই সিদ্ধান্ত দেয় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আশ্রাফুল আলমকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছেন সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক মো. আশ্রাফুল আলকে এই দায়িত্ব দিয়েছে। খবর বিডিনিউজের।
কোরবানি ঈদের আগে ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জোবায়দুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান পদত্যাগ করেন। সেদিনই নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে বেছে নেয় কেন্দ্রীয় ব্যাংক। ঈদের পর এ সিদ্ধান্তের বিরোধিতা করে ব্যাংকটির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন একদল ব্যক্তি। ‘গ্রাহক ফোরাম’ নামেরে ব্যানারে তখন থেকে তারা বিক্ষোভ করছে। আন্দোলনকারীদের হটিয়ে দিতে একদিন পুলিশ বলপ্রয়োগও করে। এরপর গত কয়েকদিনে ব্যাংকটি থেকে গ্রাহকরা তিন হাজার কোটি টাকা তুলে নিয়েছে বলে খবর আসে। বিষয়টি নিয়ে আলোচনা গড়ায় জাতীয় সংসদেও।
ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান বসানোর পর আলোচনার মধ্যে ফের ব্যাংকটি দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এর জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পাল্টা অভিযোগ করে বলেন, ব্যাংকটিকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে। এমন পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে ব্যাংকটিতে পর্যবেক্ষক বসানোর সিদ্ধান্ত এল।
এ সিদ্ধান্ত আসার আগে বুধবার ব্যাংকার্স সভা থেকে বেরিয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, দেশের বৃহত্তম ব্যাংকটির সংকট দ্রুত সমাধান হওয়া প্রয়োজন এবং এ জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা জরুরি। ইসলামী ব্যাংকে যা চলছে, এটা পুরো ইন্ডাস্ট্রিতে বড় রকম নেতিবাচক প্রভাব ফেলা শুরু করেছে। আমরা চাই যে দ্রুত দুই পক্ষ মিলে এটা সমঝোতা করা হোক।












