এবার বিশ্বকাপ জিততে পারে এক অভাগা দেশ!

জানাচ্ছেন সঠিক ভবিষ্যদ্বাণীতে ‘হ্যাটট্রিক’ করা গণিতবিদ

| বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:১১ পূর্বাহ্ণ

চলতি বছরের ফিফা আয়োজিত ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। চার বছর পর পর আসা ফুটবলের এই উৎসবে ইতোমধ্যেই মেতে উঠেছে প্রায় গোটা বিশ্ব। ফুটবল বিশ্বকাপ কে জিতবে তা নিয়ে আগ্রহের শেষ থাকে না। সকল ফুটবলপ্রেমীই চান যেন তার পছন্দের দল বিশ্বকাপ জেতে। কিন্তু বাকি সমস্ত প্রতিযোগিতার মতো এতেও সেরার শিরোপা পায় একটি দলই। বাকিদের পিছনে পড়ে থাকতে হয়।

বিশ্বকাপ শুরুর আগে অনেকেই তা নিয়ে নানা ভবিষ্যদ্বাণী করে থাকেন। এক্ষেত্রে বেশির ভাগ মানুষই গ্রহনক্ষত্রের উপর আস্থা রাখেন। পশুদের দ্বারাও বিশ্বকাপ কে জিততে পারে তা ভবিষ্যদ্বাণী করার চল রয়েছে। এবার মাঠে নেমেছেন এক গণিতবিদ। জার্মানির গণিত বিশেষজ্ঞ জোয়াকিম ক্লেমেন্টের ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে করা ভবিষ্যদ্বাণী শোরগোল ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কারণ কোনও চেনা দেশের নামকে তিনি বিজয়ী হিসাবে ঘোষণা করেননি। বরং এমন এক দেশের নাম ঘোষণা করেছেন যে দেশ কখনও ফুটবল বিশ্বকাপ ছুঁয়েই দেখেনি। যদিও তিন বার সেই খেতাব জেতার সুযোগ পেয়েছিল সেই দেশ। তবে প্রতি বারই ব্যর্থ হয়েছে।

ক্লেমেন্টকে নিয়ে হইচই ফেলার যথেষ্ট কারণ রয়েছে। এটিই তার ফুটবল বিশ্বকাপ নিয়ে করা প্রথম ভবিষ্যদ্বাণী নয়। গণিতবিদ ক্লেমেন্ট শেষ তিন বারের (২০১৪, ২০১৮ এবং ২০২২) বিশ্বকাপেরও ভবিষ্যদ্বাণী করেছিলেন। প্রতি বারই তা মিলে যায়। তার বলা দেশগুলোই শেষে গিয়ে বিশ্বকাপ তোলে।

ক্লেমেন্টের মতে, ২০২৬এ ফিফা আয়োজিত ফুটবল বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস। রোনাল্ডোপ্রেমীদের মন ভেঙে দ্বিতীয় স্থানে ক্লেমেন্ট রেখেছেন পর্তুগালকে। তার মতে, সেমিফাইনালে স্পেনকে হারিয়ে নেদারল্যান্ডস ফাইনালে পৌঁছোবে। অন্যদিকে পর্তুগাল হারাবে ইংল্যান্ডকে। ক্লেমেন্টের করা ভবিষ্যদ্বাণীতে থাকে না কোনও গ্রহনক্ষত্রের ভূমিকা। উল্টো দেশের জিডিপি, ক্রীড়ার পরিকাঠামো, দেশের জনসংখ্যা, দেশবাসীদের ফুটবলের প্রতি ভালোবাসা ও মর্যাদা এবং বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সেই দেশের জাতীয় ফুটবল দল কত নম্বরে রয়েছে প্রভৃতি সে সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে ক্লেমেন্ট ভবিষ্যদ্বাণী করে থাকেন। এক্ষেত্রে মনে করা হয়, কোনও গোপন সূত্রের ব্যবহার করেন জার্মান গণিতবিদ।

পূর্ববর্তী নিবন্ধমমতার তৃণমূল কি কংগ্রেসের সঙ্গে মিশে যাবে?
পরবর্তী নিবন্ধব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা