ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের প্রচারণামূলক লিফলেট কম্পিউটারে তৈরির অভিযোগে স্থানীয় এক সাবেক মহিলা মেম্বার এবং এক কম্পিউটার অপারেটরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। গত সোমবার রাতে উপজেলা সদরের বিবিরহাট গরুর বাজারের সামনে এএইচ শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন বক্তপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী সুমি আক্তার এবং কম্পিউটার অপারেটর উজ্জ্বল।
স্থানীয় সূত্রে জানা যায়, কম্পিউটার অপারেটর উজ্জ্বলের দোকানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচারণামূলক লিফলেট প্রস্তুত করার খবর পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। পরে তারা সুমি আক্তার ও উজ্জ্বলকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তারকৃত দুজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা দেখা হচ্ছে।











