হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো.শাহাদাত (২২), নামের তিন জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) সন্ধ্যার দিকে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ মামলা করার বিষয়টির সত্যতা নিশ্চিত করে। এর আগে ভিকটিমের মা শামীমা আকতার বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ উদালিয়া গ্রাম এলাকার ভিকটিম তের বছর বয়সী অষ্টম শ্রেণীর ছাত্রী নাসরিনকে (ছদ্ম নাম) সোমবার বেলা ১২ টার দিকে নিজ বসতঘরের সামনের রাস্তা থেকে পূর্ব হতে উৎপেতে থাকা একই এলাকার হাজী সোলায়মানের পুত্র মো. রবিউল আলম ওই এলাকার মোজাফফরের পুত্র নুরুল আলম ও মো. সুলতানের পুত্র মো. শাহাদাতের সহায়তায় জোরপূর্বক মোটরসাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়।
পরে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে উল্লেখিত তিনজনের নামে হাটহাজারী মডেল থানায় একটি অপহরণ মামলা করেন।
এ ব্যাপারে জানতে মামলার এজাহারে দেয়া বাদীর মুঠোফোনে রিং দিলে ফোনটি বন্ধ থাকায় যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান মঙ্গলবার সন্ধ্যার দিকে এ প্রতিবেদককে জানান, স্কুলছাত্রী অপহরণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।










