রাঙ্গুনিয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দক্ষিণ নোয়াগাও ফকিরখীল ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে ইয়ংস্টার ফুটবল দলকে ১–০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে রাঙ্গুনিয়া অলস্টার স্পোর্টিং ক্লাব। দুই দলের আক্রমণ–পাল্টা আক্রমণের ম্যাচে অলস্টারের স্ট্রাইকার শহিদুলের চোখ ধাঁধানো গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। গত রোববার বিকেলে স্থানীয় মাঠে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনেই খেলা দেখতে স্থানীয় মাঠে ক্রীড়ামোদীদের উপচে পড়া ভিড় ছিল। টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সেকান্দর হোসেন রানা।











