মেসি নাকি এমবাপে, কে ভাঙবেন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ২৩ মিনিটে গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসা ভেঙেছিলেন ব্রাজিলেরই রোনাল্ডোর রেকর্ড। সেটি ছিল ক্লোসার বিশ্বকাপের ১৬ নম্বর গোল। রোনাল্ডোর রেকর্ড ছিল ১৫ গোলের। ক্লোসা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ২০১৪ সালেই। তবে তার করা বিশ্বকাপের সর্বাধিক গোলদাতার রেকর্ড এখনো অক্ষুণ্ন। ২০২২ সালে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি নিজের ১৩তম বিশ্বকাপ গোল করতে পেরেছিলেন। আর মাত্র ৩ গোল করলে তিনি ছুঁয়ে ফেলবেন ক্লোসার রেকর্ড। চারটি করলে রেকর্ড ভেঙে ফেলবেন। ১২ গোল নিয়ে তার পেছনে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। এই বিশ্বকাপে মেসি ও এমবাপে দুইজনের সামনেই সুযোগ ক্লোসার রেকর্ড ভেঙে ফেলার। তাই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এবার ব্যক্তিগত ঐতিহাসিক লড়াইয়ের সম্ভাবনাও আছে।

রেকর্ড ভাঙতে মেসির দরকার ৪ গোল, এমবাপের পাঁচটি। বিশ্বকাপের মধ্যেই ৩৯ বছরে পা রাখবেন মেসি। এটাকে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ বলেও মনে করছেন এই মহাতারকা। অভিজ্ঞতা ও ফিনিশিংয়ের জাদু দিয়ে আরেকবার ইতিহাস গড়তে চান ফুটবলের এই বরপুত্র।

অন্যদিকে, ২৭ বছরের এমবাপে ফ্রান্সের হয়ে তৃতীয় বিশ্বকাপ খেলতে নামছেন। গতি, শক্তি ও গোলক্ষুধা সবই তার পক্ষে। মাত্র দুই আসরে ১২ গোল করে তিনি ইতোমধ্যে সেটা প্রমাণও করেছেন। ফুটবলবোদ্ধাদের অনেকেই মনে করছেন রেকর্ড ভাঙার ক্লোসার যোগ্য উত্তরসূরি এমবাপেই। ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগ ও তারুণ্য নির্ভর দল এমবাপেকে এই রেকর্ড ভাঙতে সাহায্য করবে বলেই মনে করছেন অনেকে।

তবে মেসির ম্যাজিক কখনোই উপেক্ষা করা যাবে না। ক্লোসা নিজেই তো বলেছেন, তার এই রেকর্ড মেসি বা এমবাপের একজন ভাঙবেন। এই বিশ্বকাপে কেউ নতুন রেকর্ড গড়তে পারবেন কিনা বিশ্বজুড়ে সেই উত্তেজনা তুঙ্গে। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন সেই ঐতিহাসিক মুহূর্তের। মেসিএমবাপের এই লড়াই দেখার। এই বিশ্বকাপে খেলবেন এমন যে ফুটবলাররা গোলে মেসি ও এমবাপের পেছনে আছেন তাদের কারো পক্ষে ক্লোসার রেকর্ড ভাঙা কঠিন। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল ৮টি। ক্লোসাকে ছাড়িয়ে যেতে দরকার ৯ গোল। ব্রাজিলের নেইমার ও ইংল্যান্ডের হ্যারি কেইনের আছে ৮ গোল করে। তাই মেসি ও এমবাপে বাদে অন্য কেউ সত্যিকার অর্থে ক্লোসার রেকর্ড ভাঙার সম্ভাবনায় সেভাবে নেই। নিজেদের মতো পারফরম্যান্স করতে পারলে মেসি ও এমবাপের যে কারো পক্ষেই ক্লোসার রেকর্ড ছাড়িয়ে যাওয়া সম্ভব। এমনকি দুইজনই ছাড়িয়ে যেতে পারেন ক্লোসাকে।

পূর্ববর্তী নিবন্ধসিরিজ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসেবা প্রদানে দীর্ঘসূত্রতা নিয়ে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ