মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা

ডিটিসিএ ও সিডিএর মতবিনিময়

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীতে মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, মনোরেল প্রকল্পের সম্ভাবনা এবং সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গতকাল রোববার সিডিএর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়। এ সময় বক্তারা নগর পরিবহন ব্যবস্থাকে আরো আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, চট্টগ্রাম ভৌগোলিকভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। তাই যেকোনো অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পর্যটন, জীববৈচিত্র্য, পরিবেশ এবং প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।

ডিটিসিএর নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান বলেন, এ ধরনের সমন্বিত পরিকল্পনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা গেলে করদাতাদের অর্থ থেকে ভর্তুকি দেওয়ার প্রয়োজন হবে না। এতে প্রকল্পের আর্থিক সক্ষমতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে পরিচালন ব্যয়ও কমবে।

সভায় ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক (ম্যাস ট্রানজিট) ও যুগ্ম সচিব আবদুল লতিফ খান, সিএমএ প্রকল্প পরিচালক ও ট্রাফিক ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ কামরুল হাসানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিডিএর পক্ষে সদস্য প্রকৌশলী মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এএএম হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনজুর হাসান, উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী, লুপ রোড প্রকল্প পরিচালক আসাদ বিন আনোয়ার এবং সহকারী নগর পরিকল্পনাবিদ মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিসিবি পরিচালক নির্বাচিত হলেন এশিয়ান গ্রুপ ডিএমডি সাকিফ সালাম
পরবর্তী নিবন্ধ‘নগরীর পরিবহন ব্যবস্থার উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে’