নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. রুবেল (৪৫) নামে এক অটোটেম্পো চালককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। গতকাল রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ওসি আজাদীকে বলেন, তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির পিতা গাড়িচালক। অভিযুক্ত রুবেল হালিশহরে টেম্পো চালান। একই পেশায় থাকার কারণে এবং পূর্ব পরিচয়ের সূত্রে শিশুটির বাসায় রুবেলের নিয়মিত যাতায়াত ছিল। ঘটনার সময় শিশুটির মা তার কর্মস্থলে ছিলেন। এদিকে গতকাল সকালে বৃষ্টির কারণে শিশুটি ও তার বাবা বাসায় ঘুমাচ্ছিলেন। এমন সময় রুবেল এসে শিশুটির বাবাকে গাড়ি নিয়ে বের হওয়ার জন্য ডাকলেও বৃষ্টি থাকায় তিনি বের না হয়ে ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পর শিশুর চিৎকারে তার ঘুম ভাঙে। এরপর শিশুটির কাছ থেকে ঘটনা জানতে পেরে তিনি রুবেলকে খুঁজতে বের হন। এদিকে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে রুবেলকে ধরে গণপিটুনি দেয়।












