শাকিব-বুবলীর ঘরে এল কন্যাসন্তান, নাম রাখলেন ‘শারলিন খান’

| শনিবার , ৬ জুন, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। শাকিব খান ও বুবলীর ঘরে এবার কন্যা সন্তান এসেছে। গতকাল শুক্রবার এক ফেইসবুক পোস্টে বুবলী নিজেই সুখবর দিয়েছেন। একটি ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, তাদের মেয়ের নাম রাখা হয়েছে ‘শারলিন খান’। শিশুটির জন্মতারিখ লেখা হয়েছে ১১ মে ২০২৬। পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে।” আনন্দের এই মুহূর্তে যারা দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন বুবলী। খবর বিডিনিউজের।

পোস্টের শেষে নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। বুবলী যে দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন, সেই গুঞ্জন ছড়িয়েছিল চলতি বছরের শুরু থেকেই।

সে সময় এক প্রশ্নে অভিনেত্রী বলেছিলেন, এসব খুবই ব্যক্তিগত এবং স্পর্শকাতর বিষয়। শান্ত ও স্বাভাবিক পরিবেশেই এ ধরনের স্পর্শকাতর বিষয়ে কথা বলা উচিত। যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই যখন এসব নিয়ে কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়েই বলব। তিনি আরও বলেছিলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতুহল থাকবেই, সেটাকে আমি সম্মান করি। তবে আমার মনে হয়, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত। ২০২২ সালে বুবলী হঠাৎ এক ফেইসবুক পোস্টে খবর দিয়েছিলেন, তিনি শাকিবের সন্তানের মা।

তাদের বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই, আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান আসে পৃথিবীর আলোয়। তবে বছরখানেক পর তাদের বিচ্ছেদের গুঞ্জনও ছড়ায়, যদিও এ বিষয়ে তাদের কেউ স্পষ্ট করে কিছু বলেননি। সবশেষে ২০২৫ সালের অগাস্ট মাসে শাকিব ও বুবলীকে দেখা যায় নিউ ইয়র্কে, সঙ্গে তাদের ছেলে শেহজাদ খান বীর। সেসময় ফেইসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে বুবলী লেখেন, ‘যুক্তরাষ্ট্রের জীবন’। ছবিগুলোতে শাকিবের হাত ধরে হাঁটতে দেখা যায় বুবলীকে। বিয়েবিচ্ছেদের গুঞ্জন ছড়ানোর পর এমনভাবে তাদের আর দেখা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধআসছে অপূর্ব-ইয়াশ-বিন্দু-সারিকাকে নিয়ে রহস্যে ঘেরা ‘হেডলাইন’
পরবর্তী নিবন্ধআল-আকসার তত্ত্বাবধানে জর্ডানের ভূমিকা সম্মান করতে হবে : যুক্তরাজ্য