বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

| শনিবার , ৬ জুন, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দীপ্তি জানান, আজকে আমাদের আকদ হয়েছে। ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে আমন্ত্রণ জানাবো। সবার কাছে দোয়া কামনা করছি। খবর বাংলানিউজের।

দীপ্তির স্বামী মুশতাক ইবনে আইয়ুব হলেন শিক্ষক। তিনি অঙফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজিতে পিএইচডি করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মকর্ত রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইতে ছাত্রজনতার আন্দোলন চলাকালীন চ্যানেল আইয়ে আয়োজিত ‘টু দ্য পয়েন্ট’ টকশোতে উপস্থাপক দীপ্তি চৌধুরীকে ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দিয়েছিলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এমন আচরণের কারণে সেই সময়ে নিন্দিত হন সাবেক এই বিচারপতি।

সেই একই ভিডিওটিতে দেখা যায়, দীপ্তি চৌধুরী নিজেকে ‘মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান’ উল্লেখ করে বিচারপতি মানিকের এ বক্তব্যের প্রতিবাদ করছিলেন। দীপ্তির এই দৃঢ়তা সেই সময়ে হয় নন্দিত। এমনকি দীপ্তির এমন তেজদীপ্ত আর বলিষ্ঠ প্রতিবাদ ছুঁয়ে যায় জুলাই আন্দোলনকে! বর্তমানে চ্যানেল আইয়ের টু দ্য পয়েন্টসহ স্ট্রেইট কাটসহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন দীপ্তি চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধআসছে অপূর্ব-ইয়াশ-বিন্দু-সারিকাকে নিয়ে রহস্যে ঘেরা ‘হেডলাইন’