চব্বিশের গণঅভ্যুত্থান স্মৃতি ক্রীড়া উৎসব আগামী ৮ জুন সোমবার থেকে শুরু হচ্ছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হবে। চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিতে আয়োজিত এই ক্রীড়া উৎসবে ছয়টি ইভেন্টে ৪২টি দল অংশ নেবে। উৎসব শুরু উপলক্ষে গতকাল ৫ জুন শুক্রবার বিকালে সিজেকেএস সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠন করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মসিউল আলম স্বপন। তিনি জানান ক্রীড়া উৎসবে সার্বিক সহযোগিতা করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তৃণমূল থেকে বিভিন্ন ইভেন্টে খেলোয়াড় তুলে আনতে এই ক্রীড়া উৎসবের আয়োজন করা হচ্ছে। চট্টগ্রাম জেলা থেকে যাচাই–বাছাইয়ের মাধ্যমে দল নির্বাচন করা হয়েছে। ক্রিকেটে ১২টি, ফুটবলে ১০টি, ভলিবল (পুরুষ) ৮টি, ভলিবল(মহিলা) ৪টি, কাবাডি (পুরুষ) ৮টি, কাবাডি (মহিলা) ২টি, হ্যান্ডবল ৮টি ও ব্যাডমিন্টনে ১৬টি দল এতে অংশ নেবে। অংশগ্রহণকারী দলগুলো চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত ক্লাব। কোন দল থেকে এন্ট্রি ফি নেয়া হয়নি এবং প্রত্যেক দলের খেলোয়াড়দের জার্সি প্রদান করা হবে। ফুটবল ও ক্রিকেটে চ্যাম্পিয়ন টিমকে ট্রফিসহ ১ লক্ষ টাকা, রানার্সআপকে ৫০ হাজার টাকা, কাবাডি, ভলিবল ও হ্যান্ডবলে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ৫০ হাজার টাকা, রানার্স আপকে ৩০ হাজার টাকা এবং ব্যাডমিন্টনে দ্বৈত চ্যাম্পিয়নকে ৩০ হাজার, একক চ্যাম্পিয়নকে ২০ হাজার টাকা, দ্বৈত রানার্স আপকে ২০ হাজার টাকা ও একক রানার্স আপকে ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। পুরো আয়োজনে স্পন্সর করছেন পিএইচপি ফ্যামিলি, কাদেরিয়া প্রপার্টিজ ডেভলপমেন্ট লিমিটেড, এমইবি গ্রুপ, চট্টগ্রাম সিটি করপোরেশন।
৮ জুন বিকাল ৫টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধক থাকবেন চব্বিশের গণঅভ্যুত্থানে প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পিতা মো. শফিউল আলম।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্কর। তিনি বলেন চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিকে জাগিয়ে রাখতে এবং চট্টগ্রামের নির্জীব ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরিয়ে আনার লক্ষ্যে এই ক্রীড়া উৎসবের আয়োজন।
চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, ক্রিকেট উপ কমিটির আহ্বায়ক আবদুল হান্নান আকবর,সদস্য সচিব আবু সামা বিপ্লব, সিজেকেএস কাউন্সিলর প্রবীন ঘোষ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য দিদারুল আলম দিদার, মো. হারুন, জাবেদ, নুর জাহেদ বাবলু, মুন্না, আনিস প্রমুখ।












