শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক আলোচনা সভা গতকাল শুক্রবার দুপুরে বেতাগী ইউনিয়নের ডেমিরছড়া ফলা হাজীর বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দল করে, তারা সকলেই আমরা এক পরিবার। আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। দলের ঐক্য আমরা যেকোনো মূল্যে ধরে রাখবো এবং সবাই এক হয়ে রাঙ্গুনিয়ার মানুষের কল্যাণে ও সুরক্ষায় দায়িত্ব পালন করব।
নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি আরও বলেন, নেতৃত্বের আড়ালে যারা এখনো চালের ডাকাতি, টিন চুরি, চাঁদাবাজি কিংবা অবৈধ বালু ও ড্রেইজার ব্যবসার সাথে জড়িত, তাদের সবাইকে আমরা চিনে ফেলেছি। আমরা ক্ষমতায় আসার এই তিন মাসেও যারা বহাল তবিয়তে এসব অপকর্ম করার চেষ্টা করছে, তাদের দৌড়ানি দেওয়ার দায়িত্ব সাধারণ জনগণের। জনগণের উপরে আর কিছু নেই। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এলাকার সুরক্ষায় প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বেতাগী ইউনিয়ন বিএনপির নেতা মো. খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসহাক।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুস চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক আজম খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক লায়ন শওকত আলী নুর এবং বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হারুনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আহমদ বশর, নুরুল আলম, নিজামুল হক চৌধুরী তপন, সোলেমান কালু, মো. ইলিয়াস প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।












