ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ ২–১ গোলে হারিয়েছে সান মারিনোকে। কোচ থমাস ডুলির প্রথম অ্যাসাইনমেন্টের ম্যাচে তপু বর্মণের গোলে লাল–সবুজ দল এগিয়ে যায়। তবে বিরতির আগেই স্বাগতিকেরা ম্যাচে সমতায় (১–১) ফেরে।
বাংলাদেশ সময় গতকাল শুক্রবার রাতে ইউরোপীয় দেশ সান মারিনোর অন্যতম শহর সেরাভেল্লেতে সান মারিনো স্টেডিয়ামে খেলতে নামেন ডুলির শিষ্যরা। ম্যাচের শুরুতে স্বাগতিকরা বল দখলে এগিয়ে ছিল। তবে একটু গুছিয়ে বাংলাদেশ আক্রমণে আসে। ম্যাচের ১৭ মিনিটে বঙের ভিতরে বল পেয়ে জামাল ভূঁইয়ার লক্ষ্যে শট রক্ষণে বাধা পায়। এর দুই মিনিট পরে তপু বর্মণের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। ডান দিক থেকে শেখ মোরসালিনের মাপা ক্রসে তপু অন্য প্রান্তে বুদ্ধিদ্বীপ্ত হেডে জাল কাঁপান। গোলকিপার জায়গা থেকে ঝাঁপালেও গোল বাঁচাতে পারেননি।
৩১ মিনিটে সান মারিনো ম্যাচে সমতা ফেরায়। বেরাদিকে ডান প্রান্তে আটকাতে গিয়ে বাই লাইন পেরিয়ে যান তপু বর্মণ। বেরাদি সুযোগ পেয়ে দেখে–শুনে দারুণ এক পাস দেন নিকোলাস জিয়াওকোপেত্তিকে। ১১ নম্বর জার্সিধারি ফুটবলার প্লেসিং করে গোলকিপার মিতুলকে পরাস্ত করেন (১–১)। যদিও মিতুল ডান দিকে বলের লাইনে ঝাঁপিয়েছিলেন। বল হাত স্পর্শ করলেও গোল হজম থেকে দলকে বাঁচাতে পারেননি।
৬৭ মিনিটে বিশ্বনাথ ঘোষ একক প্রচেষ্টায় বল নিয়ে জোরালো শট নিলেও তা পোস্টের বাইরে দিয়ে যায়। ৮৬ মিনিটে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। হামজা চৌধুরীর ফ্রি কিকে বিশ্বনাথের সাইড ভলি বঙের ভিতরেই থেকে তপুর বুদ্ধিদ্বীপ্ত হেডে জাল কাঁপে (২–১)। শেষ দিকে যোগ করা সময়ে স্বাগতিকদের একজনের চেষ্টা মিতুল কোনোমতে বাঁচান। রেফারির শেষ বাঁশি বাজতেই ইতিহাস গড়ার আনন্দে মাতে বাংলাদেশের ফুটবলাররা।












