অভিনয় জীবনে অনেক পুরস্কার, সম্মাননা পেলেও একটি বিশেষ সম্মানে বিস্মিত হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, হয়েছেন বাকরুদ্ধও। তা হল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ‘সোনার কলস’ উপহার দিয়েছে বেসরকারি টেলিভিশন স্টেশন চ্যানেল আই। খবর বিডিনিউজের।
তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে গেল মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তার হাতে ‘সোনার কলস’ তুলে দেন। চ্যানেল আই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৬ এপ্রিল বগুড়ার মমইনে আয়োজিত দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মহড়ার সময় অপু বিশ্বাস ফরিদুর রেজা সাগরের কাছে একটি ইচ্ছার কথা জানিয়েছিলেন।
সেই ইচ্ছা পূরণের অংশ হিসেবে গেল ২ জুন বিশেষ অনুষ্ঠানে তাকে ‘সোনার কলস’ উপহার দেওয়া হয়। ওই অনুষ্ঠানে অপু বিশ্বাসের সঙ্গে ছিলেন অভিনেত্রী কুসুম সিকদার ও উপস্থাপক সামান্তা ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইফতেখার মুনিম। আজ শুক্রবার দুপুর আড়াইটায় চ্যানেল আইয়ে প্রচার হবে অনুষ্ঠানটি। পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি তুলে ধরেন অপু বিশ্বাস। তিনি লিখেছেন, শিল্পীজীবনে অনেক পুরস্কার ও সম্মাননা পেলেও ‘সোনার কলস’ পাওয়ার অভিজ্ঞতা তার কাছে ব্যতিক্রমী। অপু বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার বিকালে সাংবাদিক আবদুর রহমানের ফোন পেয়ে তিনি চ্যানেল আই কার্যালয়ে যান। সেখানে পৌঁছে বিশেষ আয়োজন দেখে বিস্মিত হন। পরে ফরিদুর রেজা সাগরের হাত থেকে ‘সোনার কলস’ গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। সত্যি বলতে, আমি কিছুক্ষণের জন্য স্পিচলেস হয়ে গিয়েছিলাম।












