বুধবার প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে স্নায়ুক্ষয়ী লড়াই করে জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাই গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ দলের কোনো অনুশীলন ছিল না। টানা ম্যাচ এবং আর্দ্র আবহাওয়ার ধকল কাটাতে পুরো দলকে দেওয়া হয়েছে সম্পূর্ণ বিশ্রাম। সারাদিন গোয়ার আকাশ ছিল মেঘলা, হয়েছে হালকা বৃষ্টিও। টিম হোটেলে বিশ্রাম, রিকভারি সেশন আর আইস বাথ নিয়েই দিন কাটিয়েছেন লাল–সবুজের প্রতিনিধিরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দলের সার্বিক অবস্থা, ভারতের বিপক্ষে কৌশল এবং চোট পরিস্থিতি নিয়ে গতকাল গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ আবুল হোসেন। গ্রুপ পর্বে এই ভারতের কাছেই বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে সেই হারকে নেতিবাচকভাবে দেখছে না দল। বরং সেখান থেকে শিক্ষা নিয়েই ফাইনালে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সহকারী কোচ আবুল হোসেন বলেন, ‘ইন্ডিয়া সম্পর্কে আমাদের প্রচুর ধারণা আছে। গ্রুপ পর্যায়ে তাদের সঙ্গে যে ম্যাচটি খেলেছি এবং হেরেছি, সেটাকে আমরা শুধু হার বলব না; বরং সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ভারতের বিপক্ষে কীভাবে খেলব, তা নিয়ে আমাদের কোচিং স্টাফ এবং ম্যাচ অ্যানালিস্টরা অনেক পর্যালোচনা করেছেন। আগামীকাল আমাদের একটি গুরুত্বপূর্ণ সেশন আছে, সেখানে আমরা কাজগুলো চূড়ান্ত করব। ফাইনালে ইনশাআল্লাহ ভারতের বিপক্ষে আমরাই জয়ী হব।’ ফাইনালের লড়াইকে ফিফটি–ফিফটি আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ফাইনাল ম্যাচ যেকোনো দলই জিততে পারে। দুই দলই ভালো। তবে যে দল মাঠে বেশি উজ্জীবিত থাকবে, তারাই জিতবে। আমাদের দল এখন জয়ের ধারায় আছে এবং উজ্জীবিত আছে। আমরা জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করব।’ নেপালের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং প্যানেল। আবুল হোসেন বলেন, ‘নেপাল পূর্ণ শক্তি নিয়ে মাঠে এসেছিল এবং তারা যথেষ্ট ভালো দল। কিন্তু আমাদের দলে তরুণ ও সিনিয়রদের দারুণ মিশ্রণ আছে। গ্রুপ পর্বে একটি ম্যাচ হারার পর সেমিফাইনালের মতো বড় ম্যাচে স্বাভাবিকভাবেই একটু চাপ থাকে। কিন্তু মেয়েরা স্নায়ুচাপ সামলে আস্তে আস্তে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং পিছিয়ে থাকার পরও জয় নিশ্চিত করেছে।’ মায়ের আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়া ডিফেন্ডার শিউলি আজিম এবং দলের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন তিনি। সহকারী কোচ বলেন, ‘দলের অবস্থা এখন অবশ্যই ভালো। গতকাল দারুণ একটি জয় পেয়ে আমরা ফাইনালে উঠেছি। শিউলিও এখন কিছুটা উজ্জীবিত আছে। আমরা সবাই তাকে সমবেদনা জানিয়েছি এবং সেমিফাইনালের জয়টি তার মায়ের প্রতি উৎসর্গ করেছি। শিউলি ভালো আছে মানে আমাদের দলের সবাই এখন উজ্জীবিত, কোনো সমস্যা নেই।’ দলে বড় কোনো চোট সমস্যা না থাকলেও সেমিফাইনালে বদলি হিসেবে নেমে চোটে পড়া মিডফিল্ডার মনিকা চাকমাকে নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। তার বর্তমান অবস্থা সম্পর্কে আবুল হোসেন বলেন, ‘আমাদের দলে তেমন কোনো ইনজুরি নেই। শুধু মনিকা গতকাল ম্যাচের মধ্যে কিছুটা ব্যথা পেয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ফিজিও তাকে দ্রুত সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আজ সে যদি ট্রেনিং সেশনে অংশ নিতে পারে, তাহলেই বোঝা যাবে সে পুরোপুরি ভালো আছে কি না।’ আগামীকাল শনিবার সাফের ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গতকাল বিশ্রামের পর আজ নিজেদের কৌশলগত প্রস্তুতি চূড়ান্ত করবে পিটার বাটলারের দল।












