গুলিয়াখালী বিচ ঘুরে বাড়ি ফেরা হলো না তাদের

| বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৭:২১ অপরাহ্ণ

ফেনীর মুহুরীগঞ্জে ডাম্পট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩) এবং ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর পাটোয়ারী বাড়ির কামরুল ইসলাম রসুলের ছেলে জিহানুল ইসলাম শাওন (২০)।

তারা গুলিয়াখালী বিচ ঘুরে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

নিহত শাওনের ফুফাতো ভাই সাংবাদিক এমরান পাটোয়ারী জানান, শাওনসহ তাদের কয়েকজন বন্ধু বুধবার রাতে গুলিয়াখালী বিচে ঘুরতে গিয়েছিল। সেখানে রাত্রিযাপন করে ভোরে বন্ধুরা মিলে ফেনীর উদ্দেশে রওনা দেয়। শাওন ও জিসান একই মোটরসাইকেল ছিল। তাদের মোটরসাইকেল সোয়া ছয়টার দিকে মুহুরীগঞ্জ অতিক্রম করার সময় পেছন থেকে একটি দ্রুত গতির ড্রাম্পট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়। অন্যদিকে শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে, তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই