কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের গর্জনিয়া পাড়ায় রাতের খাবার খেয়ে একই পরিবারের ৬ সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের তাৎক্ষণিক পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ৪ জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে আহমদ কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন আহমদ কবিরের স্ত্রী রেনুয়ারা বেগম (৬০), পুত্রবধূ শারমিন আক্তার (২৭), ছেলে আসাদ উল্লাহ (৩৬), আরিফ উল্লাহ (৩০), মিরাজ উল্লাহ (২৮) ও কিসমত উল্লাহ (২৫)।
পরিবারের প্রধান আহমদ কবির জানান, রাতের খাবারের পরপর পরিবারের ৬ সদস্য অসুস্থ হয়ে পড়ে। এসময় আমার স্ত্রী, ৩ ছেলে ও ছেলের বউ অজ্ঞান হয়ে যায়। বাড়ির অন্য সদস্যরা তাদের নিয়ে হাসপাতালে ছুটোছুটি করতে ব্যস্ত থাকায় ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে। এসময় চোর ছেলের বউ এর ভ্যানিটি ব্যাগে থাকা স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। তিনি আরও জানান, আমিও রাতে খাবার খেয়েছি তবে পরিবারের সদস্যরা যে খাবার খেয়ে অসুস্থ পড়ে সে তরকারি আমি খাইনি।
এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তাহমিদুল ইসলাম বলেন, ‘দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থার উন্নতি হয়েছে। বাকি চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাজাতীয় কোনো পদার্থ মিশ্রিত খাবার গ্রহণের কারণে তারা অসুস্থ হয়ে থাকতে পারেন।’
পেকুয়া থানার ওসি তদন্ত ইমরুল হাসান বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’












