সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার বেগম (৬৫) নামে বাক্প্রতিবন্ধী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের ঢেমশা বোর্ড অফিসসংলগ্ন কেরানীহাট–গুনাগরি সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নুরুন্নাহার বেগম সাতকানিয়া পৌরসভার ছিটুয়াপাড়ার বাসিন্দা। তিনি সমপ্রতি ঢেমশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
নিহতের ছোট বোন শাহিন আক্তার বলেন, নুরুন্নাহার বাক্প্রতিবন্ধী ছিলেন এবং বয়সের কারণে কম শুনতেন। ঘটনার দিন সকালে তিনি ঘুম থেকে উঠে রেললাইন এলাকায় হাঁটতে বের হন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ‘কঙবাজার এঙপ্রেস’ সাতকানিয়া এলাকা অতিক্রম করার সময় বোর্ড অফিসসংলগ্ন রেলক্রসিং এলাকায় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হাসান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।












