জামিনে কারামুক্ত হলেন আইভী

| বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে কাশিমপুর মহিলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার। তিনি বলেন, এদিন দুপুরে আসা আইভীর জামিনের কাগজপত্র যাচাইবাছাই করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। সব মামলায় হাই কোর্টের দেওয়া জামিন পাওয়ার পর তা আপিল বিভাগেও বহাল রাখা হয়। ২০২৫ সালের ৫ মে গ্রেপ্তারের পর আইভীকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে স্থানান্তর করা হয় বলে জানান তিনি। খবর বিডিনিউজের।

চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১০ মামলায় গত ১০ মে আইভীকে হাই কোর্টের দেওয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সেদিন এ আদেশ দেয়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
পরবর্তী নিবন্ধদিল্লির হোটেলে ভয়াবহ আগুনে ২১ জনের মৃত্যু, ১৮ জনই বিদেশি