রাঙ্গুনিয়ায় আসমাউল হুসনা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘাগড়াখিল এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আসমাউল হুসনা উপজেলার পারুয়া ইউনিয়নের জঙ্গল পারুয়া এলাকার আরিফুল ইসলামের মেয়ে। সে আলমশাহ পাড়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। বর্তমানে পরিবারসহ লালানগরের ঘাগড়াখিল এলাকার ইউনুচ ম্যানশনে ভাড়া বাসায় থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পারিবারিক একটি বিষয় নিয়ে আসমাউলকে বকাঝকা করেন তার মা। বুধবার সকালে আসমাউলসহ অন্য সন্তানদের বাসায় রেখে তার বাবা–মা নানার বাড়িতে বেড়াতে যান। পরে পরিবারের সদস্যরা বাসায় ফিরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় আসমাউলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগের রাতের পারিবারিক ঘটনার পর পরিবারের সবার অগোচরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।












