জামাল ভূঁইয়াদের সান মারিনো যাত্রা

হামজা-শামিত যোগ দেবেন মঙ্গলবার

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১ জুন, ২০২৬ at ৯:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঐতিহাসিক ইউরোপ সফরে গতকাল রোববার দুপুরে সান মারিনোর পথে রওয়ানা হয়। নতুন কোচ থমাস ডুলির নেতৃত্বে বাংলাদেশ ৫ জুন ফিফা ফ্রেন্ডলি খেলবে সান মারিনোর বিপক্ষে। সান মারিনোর ফিফা র‌্যাংকিং ২১১। এই ম্যাচটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক কারণ, এই প্রথম ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দেশের বিপক্ষে ম্যাচ খেলবে লালসবুজ জার্সিধারীরা। বাংলাদেশ আগে ইউরোপের দেশের বিপক্ষে ম্যাচ খেলেছে। ইউরোপও গিয়ে খেলেছে। তবে ইউরোপে গিয়ে কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। এবার সেই অভিজ্ঞতা হবে এ ম্যাচ দিয়ে।

এই ম্যাচটি সান মারিনোর জন্যও ঐতিহাসিক। এই প্রথম দেশটি এশিয়ার কোনো দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ দল রোববার সান মারিনো গেলেও, এই দলের সাথে নেই সেরা দুই তারকা হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোম। হামজা ইংল্যান্ড থেকে সরাসরি চলে যাবেন সান মারিনো। শামিত যাবেন কানাডা থেকে। সবকিছু ঠিক থাকলে দুজনেরই মঙ্গলবার দলের সাথে যোগ দেওয়ার কথা। এ সফরের জন্য ৩০ জন নিয়ে প্রস্তুতি শুরু করেছিলেন নতুন কোচ থমাস ডুলি। সেখান থেকে তিনি তৈরি করেছেন ২৩ জনের চূড়ান্ত দল। ডুলির হাত ধরে অনেক দিন পর জাতীয় দলে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

পূর্ববর্তী নিবন্ধত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে হারল মেয়েরা
পরবর্তী নিবন্ধবিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আসছে আইসিসির প্রতিনিধিদল