বাড়বকুণ্ডে বাস–ট্রাক ও সিএনজি টেক্সির সংর্ঘষে এক নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। এদের মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে। গতকাল রোববার রাত আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর সড়কের উভয় দিকে যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসার পর যানজট অনেকটা স্বাভাবিক হয়ে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস ৫ নম্বর ইউনিয়নের বাড়বকুণ্ড বাজার এলাকা অক্রিম করছিল। একই সময় অতিক্রম করছিল একটি ট্রাক ও সিএনজি অটোরিক্সাও। এ সময় তিনটি গাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে এবং বাসটি সড়কেই উল্টে যায়। সিএনজি টেক্সিটি টুমড়ে মুচড়ে যায় এবং এতে থাকা এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার মোঃ বেলাল হোসেন বলেন, আমরা গাড়ির নিচ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছি। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যান। এবিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই নারায়ন বলেন, আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে উদ্ধার করে চমেকে ভর্তি করানো হয়েছে।












