বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস আয়োজিত ‘নজরুল জয়ন্তী’ অনুষ্ঠান গতকাল সোমবার থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম গ্যালারী হলে অনুষ্ঠিত হয়। সাহিত্য, আবৃত্তি, সংগীত ও নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক পরিবেশিত হয়। শুরুতে জাতীয় কবির জীবন, সাহিত্যকর্ম ও মানবিক দর্শন নিয়ে কথামালা উপস্থাপন করেন শিক্ষাবিদ ও নজরুল গবেষক অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা। তিনি তাঁর বক্তব্যে নজরুলের সাম্য, মানবতা ও অসামপ্রদায়িক চেতনার নানা দিক তুলে ধরেন এবং বর্তমান সমাজে নজরুলচর্চার গুরুত্বের ওপর আলোকপাত করেন। আবৃত্তি পর্বে অংশ নেন বনকুসুম বড়ুয়া, সুতপা মজুমদার, ইলিয়াছ হোসাইন, অর্পিতা দাশগুপ্তা, আবৃতা গুপ্তা, ভুবন দাশ ত্রয়ী, আদিত্য গুপ্ত কুঞ্জ, সুস্মিতা দাশ ও কাবেরী দাশ। তাঁদের পরিবেশনায় নজরুলের কবিতা ও সাহিত্যকর্ম নতুন আবেগে দর্শকদের সামনে উঠে আসে। সংগীত পরিবেশন করেন মূর্ছনা সঙ্গীত একাডেমি, দীপেন চৌধুরী, আনিকা চৌধুরী, পিয়া চৌধুরী ও অনামিকা দাশ। নজরুল সংগীতের সুর ও বাণীতে পুরো মিলনায়তনে এক অনন্য আবহের সৃষ্টি হয়। ‘সঞ্চিতার পদাবলী’ পরিবেশন করেন ইভা চৌধুরী, শর্মিলি বণিক, চিংকু রানী শীল, সৌমেন দাশ, পিংকী কর, পায়েল বিশ্বাস, তাহসির আরাফাত, দেবদ্বীপ কান্তি দাশ, সুস্ময় পাল শুভ ও অঝর চৌধুরী। নৃত্য পরিবেশন করেন দীপান্বিতা আইচ কথা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌসুমী দে। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য, সংগীত ও চেতনা ছড়িয়ে দিতে তারুণ্যের উচ্ছ্বাস ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।












