ভোটের লড়াইয়ে নামার আগেই এবার বিসিবি পরিচালক হওয়া নিশ্চিত হয়ে গেছে ৮ জনের। তাদের মধ্যে ৭ জনই ক্যাটেগরি–১ বা আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি। ক্যাটেগরি–৩ তথা সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন একজন। বিসিবি নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় গতকাল সোমবার দুপুরে। ক্যাটেগরি–১ থেকে ভোটের লড়াই হয়ে স্রেফ দুটি বিভাগে। ভোটের মূল লড়াই এবার থাকছে ক্যাটেগরি–২ বা ক্লাব ক্যাটেগরিতে, যেখানে ১২টি পরিচালক পদে লড়বেন ১৬ জন। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল লড়বেন এই ক্লাব ক্যাটেগরিতেই।
সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ক্যাটাগরিতে দুই প্রার্থী এবং জেলা–বিভাগীয় ক্যাটাগরি থেকে এক প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
সবমিলিয়ে এখন প্রার্থীর সংখ্যা ২৯ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক ইতিমধ্যে নির্বাচিত হয়ে গেছেন। তাদের প্রত্যেকের নাম আগামী ৭ জুন ভোটাভুটির পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। প্রস্তাবক ও সমর্থক কাউন্সিলরের জাতীয় পরিচয়পত্র জমা না দেওয়ায় ক্যাটাগরি–১ (জেলা–বিভাগীয় ক্রীড়া সংস্থা) ঢাকা বিভাগ থেকে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জসিম উদ্দিন খান খসরুর মনোনয়ন বাতিল করা হয়েছে। এই ক্যাটাগরি থেকে শরিফুল ইসলাম অপু তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ছিলেন। ফলে এই বিভাগেও নির্বাচন হচ্ছে না। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে মঈনউদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এই দুইজন ছাড়াও ক্যাটাগরি–১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন– ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ ফুয়াদ, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর থেকে মির্জা ফয়সাল আমীন। কেবল খুলনা ও বরিশাল বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগে ২টি পদের বিপরীতে প্রার্থী আছেন ৩ জন: মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মো. আব্দুছ ছালাম। এছাড়া বরিশালে ১টি পদের বিপরীতে প্রার্থী ২ জন: মো. মিজানুর রহমান ও মো. মুনতাসির আলম চৌধুরী। ক্যাটাগরি–৩ (বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটার) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর। এ ছাড়া ক্যাটাগরি–২ (ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি) থেকে ১২টি পদের বিপরীতে মনোনয়নপত্র কিনেছিলেন ১৮ জন প্রার্থী। সোমবার লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান বাদল ও ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদুর রহমান নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বিষয়টি জানিয়েছে। এ কারণে প্রার্থীর সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৬ জনে। তারা হলেন: ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, ফৈয়াজুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল, মোহাম্মদ আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মো. রফিকুর ইসলাম বাবু, প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিন নাভিন, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন এবং মেজর ইমরোজ আহমেদ (অব.)। এই ১৬ জনের মধ্য থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। এর মধ্যে ক্যাটাগরি–১ থেকে ১০ জন, ক্যাটাগরি–২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি–৩ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করবে আরও দুই পরিচালক। পরে ২৫ জন পরিচালক মিলে নির্বাচিত করবেন বিসিবির পরবর্তী সভাপতি। আগামী ৭ জুন বিসিবি লাউঞ্জে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। ওই দিনই পরিচালকদের ভোটের মাধ্যমে বোর্ড সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবেন এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।












