শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কিশোর কারাগারে

থানচি থানা ঘেরাও জনতার

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:০২ পূর্বাহ্ণ

বান্দরবানে ত্রিপুরা সমপ্রদায়ের পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে থানচি। এ ঘটনায় ধর্ষক এক কিশোরকে আটক করে থানচি থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে পাড়াবাসী। ধর্ষণের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় জনতা থানচি থানা ঘেরাও করে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে বিজিবি কাজে যোগ দেয়। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে শিশুটির বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, শনিবার (২৩ মে) দুপুরে থানচি উপজেলার সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় সবজি বিক্রেতা এক কিশোর পাশ্ববর্তী ত্রিপুরা সমপ্রদায়ের ৫ বছরের এক শিশু কন্যাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে রাতে শিশুর কাছ থেকে ঘটনা শুনে তার মাবাবা তাকে জিজ্ঞাসা করলে সে কোনো সদুত্তর দিতে পারেনি এবং ঘটনা জানাজানি হলে অভিযুক্তকে পাড়াবাসী আটক করে থানায় সোর্পদ করে। এসময় স্থানীয় উত্তেজিত জনতা থানার সামনে এসে হট্টগোল শুরু করে। স্থানীয়রা ধর্ষকের কঠোর বিচারের দাবিতে রোববার সকাল থেকে দীর্ঘক্ষণ থানা ঘেরাও করে রাখে। পরে বিজিবি, পুলিশ ও প্রশাসনের আশ্বাসে উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে সরে যায়। অভিযুক্ত কিশোর থানচি সদরের নতুন পাড়া এলাকার বাসিন্দা।

থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, শনিবার দুপুরে নতুন পাড়া এলাকায় ৫ বছরের এক ত্রিপুরা কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়েছে। উত্তেজিত জনতা থানা ঘেরাও করায় পরিস্থিতি মোকাবিলায় বিজিবি মোতায়েন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, ত্রিপুরা সমপ্রদায়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পাশ্ববর্তী এক কিশোরকে আটক করা হয়েছে। থানায় একটি মামলাও হয়েছে। স্থানীয়রা উত্তেজিত হয়ে থানা এলাকায় হট্টগোল করলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এদিকে শিশুটিকে প্রথমে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচবি ছাত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ শিবির কর্মীর বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩