প্রতিবেশী হত্যা মামলায় মা ও ছেলের সাজা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:১০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের কুমিরা জেলে পাড়ায় প্রতিবেশী সুরেশ দাশ হত্যা মামলার আসামি সুব্রত দাশকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি সুব্রত দাশের মা ববিতা রানী দাশকে ৫ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। গতকাল চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত দায়রা জজ নাজমুল হোসেন চৌধুরীর আদালত এ রায় ঘোষণা করেন। এসময় সুব্রত দাশ কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে ববিতা রানী দাশ অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী কানু দেব বলেন, ১৬জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ৩১ আগস্ট সীতাকুণ্ড থানাধীন কুমিরা জেলে পাড়ায় আসামিদের খালি জায়গায় প্রস্রাব করাকে কেন্দ্র করে সুরেশ দাশের সঙ্গে ববিতা রানী দাশের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ববিতা তাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন এবং ছেলে সুব্রত দাশকে ডাকেন। পরে সুব্রত দাশ ধারালো চাকু দিয়ে সুরেশ দাশের পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি মারা যান। এ ঘটনায় সুরেশের স্ত্রী কৃষ্ণা দাশ সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করলে ২ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধআরো কমল জেট ফুয়েলের দাম
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কিশোর মফিজ হত্যায় মা ও মৃত যুবকের বিরুদ্ধে মামলা