গরু নামানোর সময় পিকআপে লরির ধাক্কা, প্রাণ গেল সহকারীর

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ২৪ মে, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার শিকলবাহায় লরি ও গরুবাহী পিকআপের সংঘর্ষে মো. সিরাজ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই পিকআপের চালকের সহকারী ছিলেন। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কলেজ বাজার কমিউনিটি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ চট্টগ্রাম নগরীর বাকলিয়া মিয়া নগর এলাকার মান্নান কলোনির মৃত আনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার পশুর হাট উপলক্ষে একটি পিকআপে করে গরু নিয়ে আসা হয়েছিল। কলেজ বাজার এলাকায় গরু নামানোর জন্য পিকআপটি সড়কে ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি লরির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিরাজের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কলেজ মাঠ ও মূল সড়কের ওপর পশুর হাট বসার কারণে এই এলাকায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কের ওপর গরু নামানো ও যত্রতত্র গাড়ি ঘোরানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধগ্রিন কার্ডের আবেদন করতে যুক্তরাষ্ট্র ছেড়ে ফিরতে হবে দেশে
পরবর্তী নিবন্ধপ্রথম দিনে প্রতিটি ট্রেনে ভিড়