সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর এলাকায় পুত্রের ছুরিকাঘাতে পিতা খুন হয়েছে। গতকাল শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ৫নম্বর ছিন্নমূল সমাজ এলাকায় এ খুনের ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম নুরু উল্লাহ (৬৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুরের ছিন্নমূলের ৫ নম্বর সমাজে বসবাসরত বৃদ্ধ নুরু উল্লাহর সাথে তার পুত্র মোহাম্মদ আব্দুল্লাহর দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয়ে মতানৈক্য চলে আসছিল। কিন্তু গতকাল শনিবার ঝগড়ার এক পর্যায়ে পিতাকে ছুরিকাঘাত করে তারই পুত্র আব্দুল্লাহ। এ সময় গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ নুরু উল্লাহকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। এদিন সন্ধ্যার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা। তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ৫ নম্বর সমাজের নুরু উল্লাহ নামের এক বৃদ্ধ তার পুত্রের ছুরিকাঘাতে নিহত হয়েছে। ঘটনাটি বিকেলে ঘটলেও তিনি সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নুরু উল্লাহ’র গ্রামের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়। তবে তারা দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করে আসছেন। এদিকে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর বলেন, এ ঘটনার অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।











