হবিগঞ্জ সদর উপজেলায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে শহরতলীর দুর্লভপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় চার বছর বয়সী শিশুটিকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার ২০ বছর বয়সী বিজয় মিয়া দুর্লভপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। খবর বিডিনিউজের।
স্থানীয়রা বলছেন, নির্যাতনের শিকার শিশুটির বাবা দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন। মা একাই মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করেন। প্রতিদিনের মতো গত শনিবার বিকালে শিশুটি বাড়ির আশপাশে খেলা করছিল। এ সময় বিজয় তাকে কৌশলে ধর্ষণের চেষ্টা করে।
পরবর্তীতে শিশুটির আচরণ ও শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয়। এরপর গত বৃহস্পতিবার তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ওসি জাহিদুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির জবানবন্দি নেয়। মূলত তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা করেছে। আর বিজয়কে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শিশুটির মা বলেন, আমার ছোট্ট মেয়েটি নিজেই নির্যাতনের বর্ণনা করেছে। তাকে বিজয় অনেক কষ্ট দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের আরএমও ডা. ফাইকা রহমান বলেছেন, শিশুটি হাসপাতালে ভর্তি আছে। শনিবার (আজ) তাকে পরীক্ষা হবে।










