দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষণকারীদের বিচার দাবি

নগরে প্রতিবাদ, মানববন্ধন

আজাদী ডেস্ক | শনিবার , ২৩ মে, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ শেষে নৃশংস কায়দায় হত্যা এবং চট্টগ্রামসহ সারাদেশে শিশু হত্যা ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর বিভিন্ন স্থানে খেলাঘর, গার্মেন্ট শ্রমিক সংহতি, তরুণ বাংলাদেশ, সিপিবি, বোধন আবৃত্তি পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জনতার ঐক্যসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে রামিসাসহ সকল নারী ও শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

খেলাঘর : শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁদুক বসুন্ধরাখেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গতকাল শুক্রবার বিকাল ৪টায় রাজধানী ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে বর্বরোচিত ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড এবং চট্টগ্রামসহ সারাদেশে শিশু হত্যা ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিশু কিশোর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, শিশু নির্যাতন, ধর্ষণ ও নৃশংস হত্যার যে উৎসব শুরু হয়েছে তা প্রতিরোধ করতে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। শিশু ধর্ষণকারী ও হত্যাকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর আইন প্রণয়ন করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এতে বক্তব্য রাখেনখেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা. একিউ এম সিরাজুল ইসলাম, সহসভাপতি সাংবাদিক এম নাসিরুল হক ও অঞ্চল চৌধুরী। আরো বক্তব্য রাখেনসাংবাদিক সাহিত্যিক সুভাষ দে, দীপশিখা খেলাঘর আসরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী লালা, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাংগঠনিক সম্পাদক অনির্বাণ ভট্টাচার্য, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, মৈত্রী খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান ইউনুস, সম্পাদকমণ্ডলীর সদস্য তপন মজুমদার, অলক চৌধুরী, নাছির উদ্দিন, রুবেল দাশ প্রিন্স, পরেশ দাশগুপ্ত, বনবিহারী চক্রবর্তী, সাবেকুন নাহার ঝর্না, আয়েশা আক্তার নাজু, সদস্য রুমা বিশ্বাস প্রমুখ। মানববন্ধনে কপোত, মৈত্রী, দীপশিখা ও অন্যান্য খেলাঘর আসরের দুই শতাধিক শিশুকিশোর ও অভিভাবক অংশগ্রহণ করে।

গার্মেন্ট শ্রমিক সংহতি : শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার নগরীর পলিটেকনিক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি বায়েজিদ থানার আহ্বায়ক কুতুব উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি বায়েজিদ থানার সদস্য সচিব মোহাম্মদ কাইয়ুম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওবায়দুল্লাহ, নারী সংহতি চট্টগ্রাম জেলার আহ্বায়ক নুরুন্নেছা মুন্নী ও গার্মেন্ট সংহতি চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়কারী শহিদ শিমুল। বক্তারা অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তরুণ বাংলাদেশ : ঢাকার রামিসা ও বাকলিয়ায় ৪ বছরের আরেক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে অরাজনৈতিক সংগঠন তরুণ বাংলাদেশ এর উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চেয়ে ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের বাইরদের টেক মোড় থেকে ময়দার মিল পর্যন্ত মিছিল ও মানববন্ধনের পর এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড বৃহত্তর বাকলিয়ার মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রিমা আকতার।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাকলিয়া থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন তরুণ বাংলাদেশ সংগঠনের সভাপতি মো. জায়েদ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।

সিপিবি : অব্যাহত শিশু ও নারী ধর্ষণ, হত্যা, মব সন্ত্রাস এবং হামের টিকার অভাবে শিশুমৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশ থেকে অবনতিশীল আইনশৃক্সখলা পরিস্থিতির দ্রুত উত্তরণ ঘটিয়ে জনমনে শান্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস চত্বরে চট্টগ্রাম জেলা সিপিবির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সিপিবির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সদস্য প্রদীপ ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহআলম, কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সহ সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য জামাল উদ্দিন, রেখা চৌধুরী ও ফজলুল কবির মিন্টু।

সমাবেশে মোহাম্মদ শাহআলম বলেন, দেশে খুনধর্ষণের মহোৎসব চলছে। নিজ ঘরেও নিরাপদ নয় নারীশিশু। অন্তর্বর্তী সরকারের প্রশ্রয়ে দেশে যে মব কালচার গড়ে উঠেছিল, সেটা বিএনপি সরকারের আমলেও থামেনি। মব সন্ত্রাসে আজ জনজীবন অতীষ্ঠ।

বোধন আবৃত্তি পরিষদ : সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ঘটে যাওয়া নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল সকাল ১১টায় বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম মানববন্ধনের আয়োজন করে। নগরীর এনায়েতবাজারস্থ মহিলা কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের শিশুশিক্ষার্থী, অভিভাবক এবং উপস্থিত নাগরিকরা অংশ নেন। এসময় তাদের হাতে প্রদর্শিত প্লেকার্ডে নারী ও শিশুদের প্রতি নিপীড়ন ও সহিংসতাকারী অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এর সহসভাপতি সুবর্ণা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল, প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, আবৃত্তিশিল্পী সংগীতা কর চৌধুরী, শংকর প্রসাদ নাথ, শর্মিলা বড়ুয়া, মলিনা মজুমদার, ইভান পাল, হাসিবুল ইসলাম শাকিল প্রমুখ।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট : ঢাকার মিরপুরে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নিউমার্কেট মোড়ে বিকাল ৫টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য আহমদ জসিম, হেলাল উদ্দিন কবির, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার সদস্য সুপ্রীতি বড়ুয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সদস্য নোমান উদ্দিন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী।

জনতার ঐক্য : মিরপুরের শিশু রামিসা ও চট্টগ্রামের বাকলিয়ায় অরেক শিশুকে নির্মম নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ‘জনতার ঐক্য’। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জনতার ঐক্যের প্রধান উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, আজ আমরা শোক, ক্ষোভ ও প্রতিবাদ নিয়ে দাঁড়িয়েছি। কারণ এই দেশে আজ শিশু ও নারী কেউই নিরাপদ নয়। রামিসাদের মত নিষ্পাপ শিশুদের উপর বর্বর নির্যাতন পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু এখনো আমরা দৃশ্যমান বিচার দেখতে পাচ্ছি না।

সংবাদ সম্মেলনে জনতার ঐক্যের সহসমন্বয়কারী আশরাফ উদ্দিন নয়ন বলেন, আমাদের বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ভেঙে পড়েছে। রামিসার বাবার কথাই তার প্রমাণ– ‘বিচার হবে না, কিছুদিন পর সব চাপা পড়ে যাবে।’

পূর্ববর্তী নিবন্ধপল্লবীর শিশু ধর্ষণ-হত্যার অভিযোগপত্র রোববার বিকালেই : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধদোষ স্বীকার করে জবানবন্দি