৯টি অননুমোদিত বাল্কহেড জব্দের পর জরিমানা আদায়

কর্ণফুলীতে যৌথ অভিযান । মুচলেকা নিয়ে ক্রুসহ ছেড়ে দেওয়া হয়

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিতকরণের লক্ষ্যে যৌথ অভিযান পরিচালনা করে ৯টি অননুমোদিত বাল্কহেড জব্দ করেছে কোস্ট গার্ড। দেশের প্রধান সমুদ্র বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গত ১১ মে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় অভ্যন্তরীণ নৌরুটে বিদেশি বাণিজ্যিক জাহাজ হতে মালামাল পরিবহন কাজে নিয়োজিত অভ্যন্তরীণ কোস্টার, লাইটার এবং ট্যাংকারসমূহের নিরাপদে চলাচলের জন্য বহির্নোঙরসহ কর্ণফুলী চ্যানেলে অননুমোদিত বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা হয়।

উক্ত নির্দেশনা বাস্তবায়নে কোস্ট গার্ড পূর্ব জোন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশের সমন্বয়ে গতকাল কর্ণফুলী নদীতে একটি যৌথ অভিযান পরিচালনা করে ৯ টি অননুমোদিত বাল্কহেড জব্দ করা হয়। পরবর্তীতে, চট্টগ্রাম বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে বাল্কহেডগুলোর মালিক থেকে ২ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা এবং মুচলেকা নিয়ে বাল্কহেডসহ ক্রুদের ছেড়ে দেওয়া হয়।

চট্টগ্রাম বন্দর ও তৎসংলগ্ন এলাকার নিরাপত্তা এবং নিরাপদ নৌচলাচল নিশ্চিতকরণের লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সুমন মুকিত জানান।

পূর্ববর্তী নিবন্ধশাহ মাওলানা কুতুবউদ্দিন ও মাওলানা নুরুল ইসলাম স্মরণে আলোচনা
পরবর্তী নিবন্ধজাতীয় ঐক্য ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা যাবে না