রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় তারা ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন। শিক্ষার্থী আশফাক সিদ্দিকী বলেন, রামিসা হত্যার মতো ধর্ষণ, হত্যা ও অন্যান্য নৃশংস অপরাধের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতে পৃথক ট্রাইব্যুনাল গঠন জরুরি। যাতে প্রকৃত অপরাধীরা কোনোভাবেই আইনের ফাঁক গলে পার পেয়ে যেতে না পারে। শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবিদ বলেন, আইনের দীর্ঘসূত্রতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ ও শিশু হত্যার মতো ভয়াবহ অপরাধ বারবার ঘটলেও মানুষের মধ্যে ন্যায়বিচার পাওয়ার আস্থা কমে যাচ্ছে। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে এসব অপরাধ বন্ধ করা কঠিন হয়ে পড়বে।












