রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে এবার নিজেদের দলীয় কার্যালয়ে তালা দিয়েছে পদবঞ্চিতরা। গত বুধবার রাতে দলীয় কার্যালয়ে গিয়ে ছাত্রদলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত কার্যালয়ে তালা ঝুলে রয়েছে। শহরের কাঠালতলী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের একই ভবনে ছাত্রদলের কার্যালয়টির অবস্থান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মাসের ২ মে রাতে রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মো. অলি আহাদকে সভাপতি ও নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।
এর পরদিন এই কমিটি বাতিলে দাবিতে সড়ক অবরোধ করে পদ বঞ্চিত নেতাকর্মীরা। এর পরে দিন ৪ মে নতুন কমিটি ও পদবঞ্চিতরা শহরে পাল্টাপাল্টি কর্মসূচিতে পরিস্থিতি উত্তপ্ত হয়। দুই পক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। পরে এক পর্যায়ে প্রশাসন ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পদবঞ্চিতদের পক্ষে মো. পারভেজ হোসেন সুমন নামে একজন বলেন, যতক্ষণ পর্যন্ত কমিটি পুনর্গঠনের বিষয়ে সুষ্ঠু সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত চলমান জেলা ছাত্রদল কমিটির কার্যক্রম বন্ধ ও স্থগিত রাখার কথা ছিল। কিন্তু এই কমিটি নির্দেশ অমান্য করে তারা বিভিন্ন উপজেলায় কর্মসূচি চালাচ্ছে। আমরা তারই প্রেক্ষিতে এই প্রতিবাদে ছাত্রদল কার্যালয়ে তালা লাগানোর কর্মসূচি নিয়েছি। যতদিন পর্যন্ত ছাত্রদলের কমিটি নিয়ে সুরাহা না হবে, ততদিন জেলা ছাত্রদলের কার্যালয় তালাবদ্ধ থাকবে এবং আমাদের আন্দোলন চলবে।
রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি মো. অলি আহাদ বলেন, আমি সাংগঠনিক কাজে বাঘাইছড়ি উপজেলার রয়েছি। গতকাল (বুধবার) আমাদের কিছু ভাই– ব্রাদার ক্ষোভ জানিয়েছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছি। অনেকে হয়তো কমিটি থেকে বাদ পড়েছে বলে রাগ, ক্ষোভ থাকতে পারে। স্বাভাবিকভাবে দীর্ঘ ৮–৯ বছর পর এই কমিটি হয়েছে। তাদেরকে অন্তর্ভুক্ত করে আমরা চেষ্টা করছি পূর্ণাঙ্গ কমিটি করার। আমরা এখনও বাঘাইছড়ি উপজেলা সদরে আছি, এখান থেকে গিয়ে সকলে মিলে বসে একটা আলোচনা করব।
এর আগে, ২০১৮ সালের ৫ জুন দুই বছর মেয়াদী রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর প্রায় ৮ বছরের মাথায় জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হয়।











