আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটিই হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার শেষ ম্যাচ। এই স্প্যানিশ কোচের চুক্তির মেয়াদ আগামী মৌসুম পর্যন্ত থাকলেও, চলতি মৌসুম শেষেই তিনি ইত্তিহাদ স্টেডিয়াম ছাড়ছেন বলে ক্লাব সূত্রে নিশ্চিত করেছে বিবিসি স্পোর্ট।
ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ প্রকাশ্যেই আশা প্রকাশ করছে যে গার্দিওলা চুক্তি অনুযায়ী আগামী মৌসুমেও থাকবেন। তবে ক্লাবের ভেতরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ক্লাবের স্টাফ এবং ফুটবলারদের অনেকেই ধরে নিয়েছেন যে ভিলার বিপক্ষে ম্যাচটিই সিটির ডাগআউটে এই মহাতারকার শেষ অ্যাসাইনমেন্ট। তবে সিটি কর্তৃপক্ষও এখন তাদের ইতিহাসের সেরা কোচের বিদায়বেলাকে স্মরণীয় করে রাখার নানা উপায় নিয়ে ভাবছে। এমনকি ইতিহাদ স্টেডিয়ামের সদ্য বর্ধিত ‘নর্থ স্ট্যান্ড’ গার্দিওলার নামে নামকরণ করার কথাও বিবেচনা করা হচ্ছে। খবর বাংলানিউজের।











