আসন্ন ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিভাগীয় শহরগুলোতে বিশেষ ফ্রি বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। একই সঙ্গে আগামীকাল ২২ মে ও ২৩ মে ক্যাম্পাস থেকে শহরমুখী সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের বাস চালু রাখারও দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন চাকসু নেতৃবৃন্দ। চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় বাড়ি ফেরা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস দেওয়ার দাবি জানিয়েছি। পাশাপাশি আগামী ২২ এবং ২৩ তারিখ শুক্রবার ও শনিবার ক্যাম্পাস থেকে শহরগামী ৫টা ৩০ মিনিটের বাস সচল ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব এবং সহ–যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান।










