ঈদুল আজহা উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে আসছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এবারের ঈদের অন্যতম আকর্ষণ হচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। গান, নাচ, কৌতুক ও বিশেষ পরিবেশনায় সাজানো হয়েছে এবারের পর্ব। অনুষ্ঠানটি ঈদের দিন রাত ১০টায় প্রচারিত হবে। উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার। এবারের আয়োজনে বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানে নতুনভাবে হাজির হয়েছেন সংগীতশিল্পী রুনা লায়লা। অন্যদিকে ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’ গান পরিবেশন করেছেন বেবী নাজনীন। নৃত্য পরিচালনায় ছিলেন চাঁদনী ও শাওন। নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে মঞ্চে থাকছেন ন্যান্সি ও ইমরান। গানটির গীতিকার কবির বকুল এবং সংগীত পরিচালনায় রয়েছেন ইমরান মাহমুদুল। নৃত্য পরিবেশনায় থাকছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। তিনি ‘রূপনগরের রাজকন্যা’ থিমে নৃত্য পরিবেশন করবেন। পাশাপাশি ‘দূর দ্বীপবাসিনী’ গানে নৃত্য পরিবেশন করবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। দর্শক অংশগ্রহণমূলক ‘রঙ’ শিরোনামের বিশেষ পর্বে থাকবেন চিত্রনায়িকা পরীমনি। কুইজ পর্বে অংশ নিচ্ছেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাশার।













