রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

সুস্থ জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই : জেলা প্রশাসক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

একটি দায়িত্বশীল ও সুস্থ জাতি গঠনে ক্রীড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, খেলাধুলা মানুষকে বাস্তব জীবনের জয়পরাজয় মেনে নেওয়ার মানসিকতা শেখায়। প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের প্রয়োজন।

গতকাল সোমবার রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ‘উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক খেলোয়াড়দের উদ্দেশে বলেন, বড়দের সম্মান ও ছোটদের ভালোবাসতে শেখার পাশাপাশি দলগত মানসিকতা গড়ে তুলতে হবে। আজ মাঠে যে টিমওয়ার্ক দেখা যাচ্ছে, ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্র গঠনেও তা কাজে লাগবে।

তিনি বলেন, বর্তমান তরুণ সমাজের বড় দুটি চ্যালেঞ্জ হচ্ছে মাদক ও পাবজির মতো ক্ষতিকর অনলাইন গেমে আসক্তি। প্রযুক্তির নেতিবাচক ব্যবহারের কারণে তরুণ সমাজ বিপথে যাচ্ছে, যা সামাজিক অস্থিরতা তৈরি করছে। এ দক্ষ মানবসম্পদকে রক্ষা করতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের সামনে আদর্শ ব্যক্তিত্ব হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পাশাপাশি ব্যস্ততার মাঝেও সন্তানদের সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার একটি পৌরসভাসহ ১৫ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মরিয়মনগর ক্রিকেট দলকে হারায় পৌরসভা ক্রিকেট দল। ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক। তিনি ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পোমরা ইউনিয়ন পরিষদ ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন, রাঙ্গুনিয়া মডেল থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। একই সঙ্গে সেবাপ্রার্থীদের জন্য ‘ওয়েটিং রুম কাম লাইব্রেরি’ উদ্বোধন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধসব বদলায়, কিন্তু মুশফিক চিরন্তন
পরবর্তী নিবন্ধপাকিস্তানকে ৪৩৭ রানের ভার চাপিয়েও সন্তুষ্ট নয় বাংলাদেশ