ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর উদ্যোগে “ফারাক্কা বাঁধ : আধিপত্যবাদের নির্মম গ্রাসে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা ফারাক্কা বাঁধকে বাংলাদেশের পানি অধিকার, আঞ্চলিক রাজনীতি ও ভারতীয় আধিপত্যবাদের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। প্রধান অতিথির বক্তব্যে উপ–উপাচার্য (প্রশাসন) ড. মোঃ কামাল উদ্দিন বলেন, “ফারাক্কা বাঁধ ইস্যু দীর্ঘমেয়াদী একটি অমীমাংসিত বিষয়। বাংলাদেশের মানুষের জন্য ফারাক্কা বাঁধ ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফারাক্কা আপাত দৃষ্টিতে একটি বাঁধ আর পানির ইস্যু দেখলেও আসলে এটা ভূ–রাজনৈতিক বড় একটি বিষয়। ভারত এটাকে ব্যবহার করে আধিপত্যবাদ জিইয়ে রেখেছে। ভারত কলোনিয়াল মানসিকতা পোষণ করে। এজন্য পানি থেকে শুরু করে সবকিছু দিয়ে নিজের আধিপত্য ধরে রাখতে চায়। যার কারণে আমরা যখন চাই তখন পানি পাই না, আবার যখন দরকার হয় না তখন পানি উপচে পড়ে।”
বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, “ফারাক্কার ইস্যুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের ইতিহাস চর্চা করতে হবে। ভারতের আগ্রাসী মনোভাব অনেক আগ থেকেই আমাদের ওপর শুরু হয়েছে। যার কারণে তারা ফারাক্কা ইস্যুসহ নানাভাবে আধিপত্য দেখাতে চায়।” চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি–র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ। আলোচনা সভায় চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।












