টেকনাফের হ্নীলা লেদাস্থ নাফ নদীর পূর্ব পয়েন্টে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়ে নাফ নদীতে মাছ শিকারে থাকা জেলেরা। গতকাল সোমবার সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীর তীরে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়।
নাফ নদীতে মাছ শিকারে থাকা কয়েকজন জেলে জানান, সকালে মাছ ধরার সময় তারা নদীর উত্তর দিক থেকে একটি লাল রঙের স্পিডবোট দেখতে পান। এর কিছুক্ষণ পরই মিয়ানমারের অভ্যন্তর থেকে হঠাৎ থেমে থেমে শতাধিক গুলির শব্দ শোনা যায়। আতঙ্কের কারণে কে বা কারা গুলি চালিয়েছে তা স্পষ্টভাবে দেখতে পারেননি তারা। পরে প্রাণভয়ে দ্রুত নদী ত্যাগ করে নিরাপদ স্থানে চলে আসেন।
টেকনাফ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, লেদা নাফ নদী সীমান্তের পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সম্ভাব্য গোলাগুলির ঘটনা ঘটেছে। অভ্যন্তরীণ বিভিন্ন কারণে সেখানে প্রায়ই এ ধরনের সংঘর্ষ হয়ে থাকে। সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নাফ নদীতে নিয়মিত টহল জোরদার করেছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।













